সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত অধ্যাদেশগুলো নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাদের গৃহীত সংস্কারমূলক উদ্যোগগুলো বৃথা যাবে না এবং সময়ের সঙ্গে এর গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয়েছিল। তার মতে, এসব উদ্যোগই ছিল প্রকৃত অর্থে কাঠামোগত সংস্কারের অংশ।
আসিফ নজরুল বলেন, তখন অনেকেই এসব উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সরকারকে ‘অধ্যাদেশের সরকার’ বলে সমালোচনা করেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে এবং মানুষ এখন এসব আইনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। দেশজুড়ে এসব আইন বহাল রাখার দাবি উঠছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, এসব আইন প্রণয়নে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। আইন মন্ত্রণালয়ের একটি দক্ষ দল নিরলসভাবে গবেষণা, পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে খসড়া চূড়ান্ত করেছে। নানা বাধা-বিপত্তি সত্ত্বেও এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন থাকায় এসব সংস্কারমূলক আইন থেকে পিছিয়ে আসা সহজ হবে না এবং এগুলো ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।