পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ জনগণ।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কুয়াকাটা পৌর শ্রমিক দলের সদস্য জসিম উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, কে এম বাচ্চু অতীতে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন।
তার বাবা আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি আমার বিরুদ্ধে সরকারি জমির গাছ কাটার মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেন। এর ফলে আমার নামে মামলা হয়েছে। আমি এ মিথ্যা সংবাদের বিচার চাই এবং তার সাংবাদিকতা বন্ধের দাবি জানাই।
এ সময় আরও এক ভুক্তভোগী, কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুছালে ফরাজি বলেন, আমার ও আমার মামা আঃ মেতালেব শরীফের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধ মীমাংসার নামে কে এম বাচ্চু আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
আমি তা দিতে অস্বীকৃতি জানালে আমাকে হেয় প্রতিপন্ন করতে এআই প্রযুক্তি ব্যবহার করে সুপার এডিট করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এতে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি কে এম বাচ্চুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। তার দাবি, কে এম বাচ্চু বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় করেন। আমরা তার সাংবাদিক কার্ড বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মানববন্ধনে উপস্থিত বক্তারা দ্রুত এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।