ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। অধিবেশন শুরুর পর সংসদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।
অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। এ সময় কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
তিনি বলেন, খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। কারণ তিনি জীবনে যত আসনে নির্বাচন করেছেন, প্রতিটি আসনেই জনগণের ভোটে জয়ী হয়েছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন এবং গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।”
এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের শহীদ এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। শোকপ্রস্তাবের ওপর আলোচনার সময় সংসদ সদস্যরা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতন্ত্রে তার ভূমিকার কথা স্মরণ করেন।