রাজধানীর কড়াইল বস্তিতে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, নিম্নআয়ের পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। রাজধানীর বৃহত্তম বস্তিগুলোর একটি কড়াইল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে, যা পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে।
এর আগে ১০ মার্চ প্রধানমন্ত্রীর বগুড়ায় একই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-6 আসনের আসন্ন উপনির্বাচনের কারণে সেই সফর স্থগিত করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, উপনির্বাচন চলাকালে নির্বাচনী আচরণবিধি বিবেচনায় নিয়ে কর্মসূচিটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা নির্দিষ্ট পণ্য ও সেবা সহজ শর্তে পাবেন, যা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।