জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন নিয়ে একের পর এক বৈঠক হলেও এখনো কোনো কার্যকর সমাধান আসেনি। তাঁর দাবি, নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত একটি নির্দিষ্ট দপ্তরে আটকে আছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত নির্বাচন আয়োজনের কথা বলা হলেও সংশ্লিষ্ট পর্যায়ে এ বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে মিটিং হয়, দিন যায়, রাত আসে—কোনো সমাধান হয় না।’
বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ হওয়ার পরিবর্তে বেড়েছে। তিনি প্রশ্ন তোলেন, এসব কর্মকাণ্ডের জন্য দায়ী কারা।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষায় জনগণের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরী। বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা।