স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন ও জানেন। কেউ ভুল করলে জনগণ তাকে ক্ষমা করবে না।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এই দেশের মানুষ এখন আগের মতো সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। এই দেশের মানুষ কাউকে ক্ষমাও করবে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরও ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “যে তরুণরা রক্ত ও প্রাণ দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি করেছে, তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই ম্লান না হয়। আমরা আর সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশ দেখতে চাই না।”
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা জনগণের কল্যাণে কাজে আসে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এলজিইডি বিভাগ থেকে পিরোজপুর জেলায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এসব বিষয়ে প্রকৌশলীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই আলোর পথে এগিয়ে যাই। বাংলাদেশের জন্য নতুন দিগন্ত সৃষ্টি করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।