ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে হওয়া দুই সপ্তাহের সাময়িক সমঝোতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, এটি তারই ধারাবাহিকতা।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনার মাধ্যমে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করার বিষয়ে সমঝোতা হয়েছে।
তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা দেখা দেয়। লেবানন অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ইতিবাচক উদ্যোগ হলেও তা টেকসই করতে উভয় পক্ষের আন্তরিকতা প্রয়োজন। অন্যথায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে।