বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যকে কেন্দ্র করে। প্রার্থিতা প্রত্যাহারের পর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম অভিযোগ করে বলেন, “মাঠের ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন।”
তার এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বেসরকারি টেলিভিশন যমুনা টিভিকে বলেন, “ফিক্সিংটা তামিম ভাইরাই করতে চেয়েছিলেন। তবে সেখানে ব্যর্থ হয়েছেন।”
তিনি আরও দাবি করেন, তাদের হাতে কিছু কল রেকর্ড এবং ডকুমেন্টস আছে। সেগুলোতে উল্লেখ রয়েছে, যদি কেউ নির্বাচন করেন, তাহলে ছয় মাস পর তার পরিণতি ভোগ করতে হবে। আসিফ মাহমুদের ভাষায়, বিষয়টি জাতীয় নির্বাচনের পর কাউকে হুমকি দেওয়ার মতো আচরণের সঙ্গে তুলনীয়।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এখনও এনএসসি কোটায় দুজন পরিচালক চূড়ান্ত হয়নি। ক্রীড়া উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি পক্ষ শেষ পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে। তবে নির্বাচনের স্বার্থে তিনি যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন।