ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) একটি বিকল্প ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি-কে ঘিরে প্রকাশিত তার সব পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়েছে। এর ফলেই তার অফিসিয়াল ফেসবুক পেজটি সরিয়ে নেওয়া হয়েছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পেজের লিংক ছড়িয়ে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই একের পর এক স্ট্রাইক দেওয়া হয়, যা শেষ পর্যন্ত পুরো পেজ অপসারণের কারণ হয়ে দাঁড়ায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।