গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে নেতৃত্ব দিতে গিয়ে নিজের জীবনসহ দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং যেকোনো সময় ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। এমনকি তিনি আশঙ্কা করেন, কয়েকদিন পর হয়তো তার লাশও পাওয়া যেতে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের চিংগুরিয়া গ্রামে গণঅধিকার পরিষদের এক কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
নুর অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের কর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে, নির্যাতন করছে এবং ভয়ভীতি সৃষ্টি করছে। এতে তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও মাঠে সক্রিয় কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে নিজেদের ও কর্মীদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বকুল বাড়িয়া, চর বোরহান ও চর কাজলের বিভিন্ন সহিংসতার ঘটনার সঠিক বিচার না হলে এলাকার মানুষ চরম আতঙ্কে থাকবে।
এ অবস্থায় তিনি গণঅধিকার পরিষদ-এর পক্ষ থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং অপরাধে জড়িতদের প্রার্থিতা বাতিল করা হয়।
ভিপি নুর মনে করেন, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিলে নির্বাচনকালীন সহিংসতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে।