বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, সংগঠনটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং তারা দাঁড়ায় ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে।
তিনি স্পষ্ট করে বলেন, “যে ব্যক্তি বা দলই অন্যায় করবে, আমরা তার বিরুদ্ধেই অবস্থান নেব।” শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ হলেও বিগত সরকার দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। গত ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ তুলে তিনি বলেন,
“এই টাকা পাচারকারীরা আজ বিদেশের ‘বেগম পাড়ায়’ বিলাসী জীবন যাপন করছে।” তিনি মনে করেন, এখনই সময় ঘুরে দাঁড়ানোর এবং আগামীতে সৎ, দেশপ্রেমিক নেতৃত্বকে সামনে আনার। দেশের মানুষ ভালো-মন্দ বুঝে ফেলেছে এবং আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলন প্রসঙ্গে শিবির সভাপতির দাবি, এটি একটি আদর্শিক ভিত্তি থেকে রচিত আন্দোলন ছিল। সেই আন্দোলনে অংশ নেওয়া মানুষের মধ্যে ছিল আত্মত্যাগের প্রেরণা ও শাহাদাতের আকাঙ্ক্ষা। তিনি বলেন,
“ইসলাম সম্পর্কে কম জানলেও, বালক থেকে বৃদ্ধ—সবাইয়ের মধ্যেই শহীদ হওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। এই প্রেরণাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছে।”
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ আসনের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইনসহ জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।