যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে দলটির মিডিয়া উইং।
এক বার্তায় জানানো হয়েছে, “আগামীকাল ভোরে আমীরে জামায়াত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন।” জানা গেছে, ডা. শফিকুর রহমান গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান। পরে ২২ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্র সফরে যান এবং নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি যুক্তরাজ্যেও সফর করেন, যেখানে স্থানীয় প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে জামায়াত আমির প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি সংগঠনের আন্তর্জাতিক কার্যক্রম, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ঘিরে দলের অবস্থান তুলে ধরেন। এছাড়া দলীয় পুনর্গঠন, ইসলামভিত্তিক রাজনীতির ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও তিনি আলোচনা করেন।
উল্লেখ্য, শনিবার (১ নভেম্বর) রাতে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এই ঘোষণা দেন দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. শফিকুর রহমানের এই সফর জামায়াতের আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে। দেশে ফেরার পর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণে বৈঠকে বসবেন বলে জানা গেছে।