বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধ বা সংঘাতে যেতে চায় না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, “যা-ই করতেছেন, এবার বন্ধ করুন। আসুন, আমরা একসঙ্গে বসি।” দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান জামায়াত নেতা। তিনি বলেন, “দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব, একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।”
তাহের বলেন, “রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না।” তিনি জানান, সোমবার জামায়াতের দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপিকে কি আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হয়েছে? এর জবাবে তিনি বলেন, “আমরা এ আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা আগামীকাল কী প্রতিক্রিয়া জানায়।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলমান নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমানোর একটি ইঙ্গিত দিয়েছেন তাহের। সাম্প্রতিক সময়ে উভয় দলের বক্তব্যেই দেখা যাচ্ছে সমঝোতা ও ঐক্যের সুর।
তাহেরের এই আহ্বান বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কৌশলে নতুন মাত্রা আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই— একটি ন্যায়ভিত্তিক, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গড়া।”