গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে অন্য দলের সঙ্গে জোট গঠন করতেও তারা প্রস্তুত। তবে, যেখানে সম্ভাবনা রয়েছে, সেখানে গণঅধিকার পরিষদের প্রার্থীরাই নিজেদের প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশ ও প্রার্থিতা পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুর বলেন, নির্বাচন কমিশনের অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে— কোনো দল যদি জোট করে, তবে ভোট করতে হবে নিজেদের প্রতীকেই। এই সিদ্ধান্তকে গণঅধিকার পরিষদ স্বাগত জানায়। তিনি আরও বলেন, “মানুষের মুক্তির যে আন্দোলনে আমরা রাজপথে লড়েছি, সেই মুক্তি না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
তিনি জানান, বড় বড় রাজনৈতিক দলগুলোর মতো গণঅধিকার পরিষদও সিলেট থেকেই আগামী জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে।
এ সময় নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
প্রধান বক্তা অ্যাডভোকেট জাহিদুর রহমান বলেন, বিপ্লবের চেতনা এখনো জীবিত রয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আইন-আদালত স্বাধীনভাবে চলবে, এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য মর্যাদা পাবে।
তিনি আরও বলেন, সেবক হয়ে এ অঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।