বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খাল খননের পেছনে একসময় সমালোচনা থাকলেও এর উদ্দেশ্য ছিল মহৎ। তবে খালের মধ্যে একটি কুমির ছিল, যেটি কেউ খেয়াল করেনি।
সেই কুমিরটি ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল খনন করে কুমির আনা যাবে না, বরং খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।
মঙ্গলবার রাজধানীর মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে খাল পরিষ্কার কার্যক্রমেও অংশ নেন গয়েশ্বর।
এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সিটি করপোরেশনের অন্তত ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। পরে বালুর মাঠ ইউনিট বিএনপির সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে সবাই খাল খনন ও আবর্জনা পরিষ্কার কাজে যুক্ত হন।
গয়েশ্বর বলেন, “অদৃশ্য শক্তি এখনো নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করছে। চিহ্নিত শত্রুকে মোকাবিলা করা সহজ, কিন্তু অদৃশ্য শত্রুকে প্রতিহত করা কঠিন।” তিনি আরও বলেন, বিএনপি এখন সরকারে নেই, তাই জনগণের অনেক দাবিদাওয়া থাকলেও আগে দায়িত্ব দিতে হবে। “আমরা দায়িত্ব নিলে সব দাবি পূরণ করা সম্ভব হবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
গয়েশ্বরের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন, গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বই জনগণের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।