ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি লিখেন, “ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তবে এই পোস্টে মন্তব্য করে পাল্টা প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
হাসনাত তার মন্তব্যে লেখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় নূরকে তার সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নূরের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।