ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, লন্ডনে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আলোচনার মাধ্যমেই এই সময় নির্ধারণ হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে।
মির্জা ফখরুল বলেন, “আমাদের এখন প্রধান লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। সে লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।” তিনি আরও বলেন, “গোটা দেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় রয়েছে, পাশাপাশি তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েও অপেক্ষার প্রহর গুনছে।”
বিএনপি মহাসচিবের মতে, এই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রামে। তিনি বলেন, “শুধু ৩৬ দিনের নয়, গত ১৫ বছর ধরে ছাত্র-জনতা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। তাদের সেই আত্মত্যাগের মূল লক্ষ্য একটাই—একটি সুন্দর, মুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ।”
উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাজনীতিতে বড় ধরনের রূপান্তরের ইঙ্গিত দিয়ে বিএনপির নেতারা মনে করছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ভিত্তি তৈরি হয়েছে, তার ফলশ্রুতিতে আসন্ন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।
এই সমাবেশকে ঘিরে শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকের চোখে—এই সমাবেশই ফেব্রুয়ারির নির্বাচনের আগাম প্রস্তুতির এক স্পষ্ট বার্তা।
গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে : মির্জা ফখরুল