স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলেই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ বা বাক্চাতুর্যের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যান।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সংসদে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গেলে মুশকিল হলো, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি হয় ব্যঙ্গ অথবা বাক্চাতুর্য দিয়ে বিষয়টি ঘুরিয়ে ফেলেন। ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতোই ভালো অবস্থা।’
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুরও সমালোচনা করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘জ্বালানি নিয়ে কী আর বলব। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে, ভালো লোকেরা বলে না, তারা বলে, “টুকু আসে, টুকু যায়”। এই আসে, এই যায় কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারে না।’
তিনি আরও বলেন, একদিকে তেলের দাম বাড়ছে, অন্যদিকে বিদ্যুতের হাহাকার এবং গ্যাসের সংকট রয়েছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, মানুষ মূল্যস্ফীতি নিয়ে অস্বস্তিতে আছে। সরকারের অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতে নিশ্চয়তা দেওয়া।
সরকারের এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কি না, নাকি বিদ্যমান কর্মসংস্থানই কতদিন থাকবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাজার পরিস্থিতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘বাজারে মানুষ যখন যায়, ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের দাম বেড়েছে। মিনিকেটের দাম বেড়েছে। টিসিবির লাইনে আমরা দীর্ঘ লাইন দেখি।’