হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেছেন, তাদের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ একসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল।’
এরপর তিনি অভিযোগ করে বলেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে।’
পোস্টের শেষাংশে সারজিস আলম লেখেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!’
উল্লেখ্য, হবিগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, হামলা-পাল্টা হামলার অভিযোগ এবং পরবর্তী সময়ে একাধিক মামলা দায়েরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।