হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এনসিপি।
বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগটি জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পর শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে। এ সময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।
পরে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। একপর্যায়ে নাহিদ ইসলামসহ নেতারা সড়কে অবস্থান নেন।
দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির প্রতিনিধিদলকে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়েরের অনুমতি দেয়। পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন তারা।