বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের মুক্তি নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি বলেন, ইতিহাসে যারা জনগণের রায়কে অগ্রাহ্য করেছে, তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। সরকারের প্রতি বাস্তবতা মেনে নিয়ে জনগণের মতামতকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি সরকারের পূর্ণ দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। তাঁর দাবি, দেশের অধিকাংশ মানুষ গণভোটে সমর্থন দিলেও নির্বাচনের পর সরকার গণভোটকে অবৈধ বলছে। এ প্রসঙ্গে তিনি সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাঁদের প্রতি সরকারের দায়বদ্ধতা এখনো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। একই সঙ্গে তিনি জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।