টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যা এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (৮ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর; সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার; পাশাপাশি ময়মনসিংহ ও রংপুর বিভাগের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ মেডিকেল টিম চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সহায়তা প্রদান করবে।
মেডিকেল টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম।
এ ছাড়া টিমে সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, স্বাস্থ্য সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন এবং সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল।