অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ দাবি জানান।
‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শাওনের সাম্প্রতিক বক্তব্য জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং তা জনমনে উসকানি ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে।
নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শাওনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তীতে তিনি মুক্তি পান। তাঁর দাবি, সে সময় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি আরও অভিযোগ করেন, শাওনকে ঘিরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হলে তা সফল হবে না।
সংবাদ সম্মেলনে জেডিপি শাওনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁকে বয়কটের আহ্বান জানায়। দলটির নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও এর চেতনা নিয়ে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম, প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।