নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের ওই ঘটনাটি ছিল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।
মামুনুল হক বলেন, ঘটনার দিন তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে রিসোর্টে অবস্থান করছিলেন। সে সময় পুলিশ, স্থানীয় রাজনৈতিক কর্মী এবং অন্যান্য ব্যক্তিরা কক্ষে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, তাদের বৈবাহিক সম্পর্কের বিষয়টি শুরু থেকেই স্পষ্ট করা হয়েছিল, তবে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে তাদের কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছিল। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জান্নাত আরার সঙ্গে বিয়ে, পরবর্তী বিচ্ছেদ এবং ঘটনার বিভিন্ন বিতর্কিত দিক নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মামুনুল হক। তার ভাষ্য, পুরো বিষয়টি ছিল তৎকালীন সরকারের একটি বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ।
পোস্টের শেষাংশে তিনি ‘৫০১’ ঘটনাকে নিজের জন্য নেতিবাচক নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষের ব্যর্থতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।