পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।”
সারজিস আলমের এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী তার দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।
মন্তব্যকারীদের কেউ কেউ পঞ্চগড়ের ভৌগোলিক অবস্থান ও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার কথা উল্লেখ করে সেখানে সেনানিবাস স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আবার অনেকে এ দাবিকে উত্তরাঞ্চলের নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ হিসেবে দেখছেন।
তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় ভারতের সীমান্তঘেঁষা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। সারজিস আলমের এ দাবির পর সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।