গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী “জলাতঙ্ক রোগে ভুগছেন” এবং তাকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন।
বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়িয়ে দিচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি পাটওয়ারীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, “যেভাবে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে এবং গালাগালের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, তা রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজ জেলা ঝিনাইদহে এসে তাকে নিয়ে মন্তব্য করেছেন।
রাশেদ খান আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে তিনি “রাজনৈতিক জোকার” মনে করেন এবং তার বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দাবি করেন, ঝিনাইদহ সফরের সময় পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তবে তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবার ঝিনাইদহে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে তাকে নিরাপত্তাও দেওয়া হবে।