তাসনিম জারাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলা হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি নিজেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর নতুন করে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন তাসনিম জারা।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অতীত ও বর্তমান রাজনৈতিক সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটি সহিংস স্লোগানের প্রতিবাদ করায় তাকে জামায়াতপন্থি হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এমনকি তাকে ‘সাইজ করা’ ও ‘ক্রসফায়ারে’ দেওয়ার মতো হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। বর্তমানে আবারও একই ধরনের ট্যাগিং ও অপপ্রচারের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।
তাসনিম জারা বলেন, ভিন্ন মত বা সমালোচনাকে দেশদ্রোহ হিসেবে দেখার সংস্কৃতি সমাজকে আরও বিভক্ত করছে। তিনি দাবি করেন, অভ্যুত্থানের পর একটি ‘পোস্ট-আইডিওলজিক্যাল’ রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এখনো ট্যাগিং ও বিভাজনের রাজনীতি চলছে।
তিনি আরও বলেন, কাউকে বিনা বিচারে আটক রাখা বা ভিন্ন মতের কারণে অপবাদ দেওয়া সভ্য সমাজের চর্চা হতে পারে না। নিজের অবস্থান থেকে তিনি কখনো সরে আসবেন না বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।