রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রে যখন পচন শুরু হয় তখন কোনো সেক্টরই এর প্রভাব থেকে বাদ পড়ে না। বৃহস্পতিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষাখাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য এবং অব্যবস্থাপনা ক্রমেই বাড়ছে। তিনি মন্তব্য করেন, গ্রামে গেলে মনে হয় সেটি যেন আরেক বাংলাদেশ। অনেক সংসদ সদস্য শুধুমাত্র অর্থের জোরে নির্বাচনে এগিয়ে থাকেন বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো এবং নিজ এলাকায় চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হলে যোগ্য ও মেধাবী মানুষ শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হবেন। বর্তমানে পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থী সঠিকভাবে ইংরেজি পড়তে বা লিখতে পারে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পাশাপাশি শিক্ষকদের কোচিং নির্ভরতার পেছনে আর্থিক সংকটকে দায়ী করেন।
সেমিনারে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও অন্য খাতে হাজার কোটি টাকা ব্যয়ের জবাবদিহিতা নেই।
তিনি শিক্ষাখাতে সমন্বিত পরিকল্পনা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।