আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। একই সঙ্গে তিনি আগামভাবে নতুন সরকারের জন্য শুভকামনাও জানিয়েছেন।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাওজুল কবির খান জানান,
ওই দিনটি ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তার শেষ কার্যদিবস। তবে প্রচলিত আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত তিনি উপদেষ্টা পদে বহাল থাকবেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নৈতিকতার প্রশ্নে তিনি আর কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বকালীন সময়ে সচিববৃন্দ, বিভিন্ন দপ্তর ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধানসহ সহকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
নির্বাচন নিয়ে ফাওজুল কবির খান বলেন, ভোট যেন সহিংসতামুক্ত, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হয়, সেটিই প্রত্যাশা। নির্বাচন শেষে যে দল বা জোটই সরকার গঠন করুক না কেন, জাতীয় স্বার্থে সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তিনি নতুন সরকারের সফলতা কামনা করেন।