মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের সঙ্গে বিশ্বের সব দেশেরই সুসম্পর্ক রয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিদেশি চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তর—সবকিছুই দেশের নিজস্ব সিদ্ধান্ত ও প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন হবে।
শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সময় সীমিত হলেও আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর করা হবে।
বিদেশি সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী মাত্রায় সম্পর্ক বজায় রাখবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে নির্বাচন নিয়ে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে চাপের কথা সরকার জানে না।
এ সময় ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, অভিযুক্তদের ভারতে থাকার তথ্য পাওয়া গেলেও তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অবস্থান শনাক্ত করা গেলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হবে।
বিচার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিচার নির্দিষ্ট সময় বেঁধে সম্পন্ন করা সম্ভব নয়। তবে আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।