প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
শোকের এই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সংহতি জানানোর বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে ঢাকায় অবস্থানকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। জাতীয় সংসদ ভবনে তাদের সাক্ষাতে সংক্ষিপ্ত কুশল বিনিময় হলেও এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক গুরুত্ব ও রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।