এক বছর সাড়ে চার মাস দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় শনিবার তিনি অবসর গ্রহণ করেন।
প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার পর গত ১০ আগস্ট ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর তিনি এক বছর সাড়ে চার মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।
এদিকে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জুবায়ের রহমান চৌধুরীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।