সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রশংসায় ভরপুর একটি বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেন—দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে একটি “মূল্যবান সম্পদ” হিসেবে দেখে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।
পোস্টে আসিফ উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য সবসময় আপসহীন ছিলেন। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “দেশ তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। আমরা তাকে হারাতে চাই না।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের উপদেষ্টা পর্যায়ের একজন ব্যক্তির কাছ থেকে এমন প্রশংসা পাওয়া বিরল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা বিশেষ তাৎপর্য বহন করে।
এদিকে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিডনি ও লিভারের জটিলতা বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। পরিবার ও দল সিদ্ধান্ত নিয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে।
কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হলেও এখনো তা ঢাকায় আসার অনুমতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পাওয়া মাত্রই এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হবে বলে জানিয়েছে বিএনপি। দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় অপেক্ষায় আছে—এমনটিও উল্লেখ করেছে বিএনপি নেতারা।