দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে সর্বাগ্রে থাকবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। শনিবার (২৯ নভেম্বর) রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ এখন এক সংবেদনশীল রূপান্তরের সময় পার করছে, এমন পরিস্থিতিতে মানুষ কোনোভাবেই খারাপ সংবাদের জন্য প্রস্তুত নয়।
তাই খালেদা জিয়ার সুস্থতা নিয়ে সাধারণ মানুষের গভীর উদ্বেগ রয়েছে। তিনি আরও বলেন, দেশবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছে এবং প্রত্যাশা করছে তিনি সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের সাক্ষী হবেন।
এর আগে রাতে এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন দলের নেতাকর্মীরাও আসেন খালেদা জিয়ার খোঁজ নিতে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশে সফল গণ-অভ্যুত্থান হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো এখনো বাকি।
তাই আগামীর বাংলাদেশ নির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। তিনি দেশবাসীকে দলমত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।