দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে আশ্বস্তকারী বার্তা দিয়েছেন। শুক্রবার দুপুরে প্রকাশিত এ বার্তায় তিনি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে, সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তাৎক্ষণিকভাবে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে সেসব স্থানে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে। তিনি আশ্বস্ত করে বলেন, নাগরিকদের নিরাপত্তা ও সহায়তা প্রদানে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।