মুন্সিগঞ্জ প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক উৎসব অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল, তবে সবার সহযোগিতায় তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “পূজাকে অস্থিতিশীল করার জন্য দুস্কৃতকারীরা চেষ্টা করেছে।
বাইরেরও ইন্ধন ছিলো। কিন্তু তারা সফল হতে পারেনি। বাংলাদেশের সব জায়গায় এবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আশা করছি, আগামীকাল বিসর্জনও সুন্দরভাবে সম্পন্ন হবে।”
বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরায় নিজ এলাকায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এটি একটি দীর্ঘদিনের দাবি। পূজা বা বৌদ্ধদের বিজয় উৎসবকে অশান্ত করার জন্য কিছু সন্ত্রাসী পাশ্ববর্তী দেশের সহযোগিতায় সক্রিয় থাকে। এ ধরনের অপতৎপরতা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে।”
এসময় তিনি নিজ এলাকার পূজার স্মৃতি স্মরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।