গত এক বছরে যাচাই-বাছাইয়ের ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ২ হাজার ৪৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, প্রকল্পের যৌক্তিকতা যাচাই এবং খরচ পুনর্মূল্যায়নের মাধ্যমে এই অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে। এতে অতিরিক্ত খরচ কমে এসেছে এবং সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
উপদেষ্টা বিস্তারিত জানান, মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে সাশ্রয় হয়েছে ২১৪ কোটি টাকা, বিআইডব্লিউটিএ’র মিঠামইন প্রকল্প থেকে ২৭০ কোটি টাকা, ৩৫ ড্রেজার ক্রয় প্রকল্প থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে ১৩৩ কোটি টাকা এবং পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল ড্রেজিং প্রকল্প থেকে ৫৬৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করে প্রতিটি প্রকল্প যাচাই-বাছাই করা হয়েছে। কমিটিগুলো প্রকল্পের বাস্তব প্রয়োজন ও খরচ নিরূপণ করে সাশ্রয়ের সুযোগ খুঁজে বের করেছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ অর্থ বাঁচাতে সক্ষম হয়েছে।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা হলে সরকারের অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি প্রকল্পগুলোও সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের সব প্রকল্পেও এ ধরনের যাচাই-বাছাই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।