স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, পূজা উপলক্ষ্যে আশেপাশে যে মেলা বসে সেখানে আর কোনোভাবেই মদ ও গাঁজার আসর বসানো যাবে না।
পূজা মণ্ডপগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে এবং আনসার সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “পূজা উপলক্ষ্যে মেলার নামে অতীতে মদ ও গাঁজার আসর বসত। এবারের পূজায় এ ধরনের আয়োজন একেবারেই বন্ধ থাকবে।”
তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর সারাদেশের প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার বাহিনী নিয়োজিত থাকবে। বিশেষ করে ঢাকায় প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিকভাবে লাইন করে বিসর্জন দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গতবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছিল। এবারও কোনো ধরনের উদ্বেগ প্রকাশ পায়নি। আমরা বিশ্বাস করি এবারের পূজাও আরও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”
তিনি আরও যোগ করেন, পূজা আয়োজক কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে নিরাপত্তা জোরদার করা হবে। পূজা উপলক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি থাকবে।