গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য এটি মারাত্মক হুমকি।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নূরকে দ্রুত উদ্ধার করে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এক বিবৃতিতে প্রেস সচিব শফিকুল আলম তীব্র নিন্দা জানিয়ে আশ্বস্ত করেন যে এই ঘটনার তদন্ত হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থে যে কোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। নূরের ওপর হামলা ন্যাক্কারজনক, এর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।”
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালান। প্রায় এক ঘণ্টা ধরে চলে উত্তেজনা, এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।