পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপির বক্তব্যে কিছু যায় আসে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এটি কেবল কোনো রাজনৈতিক দলের দাবি। কিন্তু প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।’’
এ সময় সিলেটে পাথর লুটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার কারণে এ ঘটনা ঘটেছে। প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত সিদ্ধান্ত হবে।
চীনের সহযোগিতায় তিস্তা মহা প্রকল্প প্রসঙ্গেও তিনি বিস্তারিত জানান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী জানুয়ারি থেকেই প্রকল্পের কাজ শুরু হবে। এটি ১০ বছরের জন্য পরিকল্পনা করা হয়েছে। নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা এ প্রকল্পের মূল লক্ষ্য।
বিদেশে বাংলাদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা বা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেন।