জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কিছু সময়ের জন্য স্থগিত হয় বৈঠক। এতে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে তাড়াহুড়ো করে ফরেন সার্ভিস একাডেমি ভবন থেকে বেরিয়ে যান।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে কোনো অগ্নিকাণ্ড না হওয়ার বিষয়টি নিশ্চিত হলে বৈঠক ফের শুরু হয়।
ঘটনার পর কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৈঠক সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ আবারও বৈঠকে ফিরে আসেন নেতারা, এবং পৌনে ১টার দিকে আনুষ্ঠানিকভাবে বৈঠক পুনরায় শুরু হয়।
এদিকে একাডেমির দায়িত্বরত কর্মকর্তারা জানান, কোনো জায়গায় আগুনের সূত্রপাত না হলেও, সিগারেটের ধোঁয়া থেকেই অ্যালার্মটি বেজে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে একই দিন সকালে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠকে বিএনপি ওয়াকআউট করে। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই দলটি এ সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, রোববার (২৭ জুলাই) ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকে সহসভাপতি আলী রীয়াজ জানান, তিন দিনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে চূড়ান্ত প্রস্তাবনা তৈরির লক্ষ্যে এগোচ্ছেন তারা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর তালিকা এখন প্রকাশ করা হবে না। বড় ধরনের কোনো আপত্তি থাকলে তা আলোচনা সভায় তোলা হবে, অন্যথায় আলাদাভাবে মতামত সংযোজন করেই চূড়ান্ত সনদ প্রণয়ন করা হবে, যেখানে প্রক্রিয়া, পটভূমি ও কমিটমেন্টের জায়গাগুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে।
এই হঠাৎ অ্যালার্মের ঘটনায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও কমিশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।