জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার ১৯তম দিনে সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “জুলাই সনদের খসড়া প্রস্তুত। আগামীকাল সোমবারের মধ্যে তা সব কটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে, তা সন্নিবেশিত করে চূড়ান্ত রূপ দেওয়া হবে।” তবে তিনি স্পষ্ট করে জানান, সংলাপে খসড়া নিয়ে আলোচনা হবে না। “যদি বড় ধরনের মৌলিক আপত্তি ওঠে, তখন বিষয়টি আলোচনায় আনা হবে,” বলেন তিনি।
আলোচনায় আজ যে বিষয়গুলো গুরুত্ব পায়, তা হলো—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠনসংক্রান্ত প্রস্তাব। আলী রীয়াজ জানান, চূড়ান্ত সনদে একটি ভূমিকা ও পটভূমি থাকবে, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর মতামত ও প্রতিশ্রুতি প্রতিফলিত হবে।
তিনি আরও জানান, চলমান আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। এখন পর্যন্ত ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সাতটি অসমাপ্ত এবং তিনটি বিষয়ে আলোচনা এখনো শুরু হয়নি।
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া প্রমুখ।