বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ ঘটনা নিয়ে নিজের মতামত জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার মোহাম্মদ ইলিয়াস হোসেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে ইলিয়াস লিখেছেন, আসিফ-হাসনাতরা জুলাইয়ে যা করেছে, তাদের কাছে শুধু পিস্তল নয়, কামানও রাখা উচিত। তিনি বলেন, “মাত্র কদিন আগে হাসনাতের ওপর হামলা হয়েছে! সেটা মাথায় রেখে কথা বলা উচিত। এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে।”
ইলিয়াস হোসেনের ভাষায়, একটি ছোট ভুল নিয়ে এতো সমালোচনার কিছু নেই। “প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনও চারপাশেই আছে,” বলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকার বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে আসিফ মাহমুদ সজীব নিজেই ব্যাখ্যা দেন। তিনি বলেন, এটি তার লাইসেন্স করা অস্ত্রের বৈধ ম্যাগাজিন। নিরাপত্তার স্বার্থেই তিনি বৈধ অস্ত্র ব্যবহার করেন।