নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের সহযোগিতা ছিল সেটা আমরা স্মরণ করি। ৭১ এর মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল সেটা আমরা স্মরণ করি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, সেটি তার ব্যক্তিগত। ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এ ধরণের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন।
এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।