আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিপূর্ব সমাবেশে নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং ও বিভেদ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং ও বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।”
জয়নুল আবদিন ফারুক বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।” নির্বাচনের সময় তারেক রহমান জনগণের সঙ্গে যেসব ওয়াদা করেছিলেন, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, খতিব-ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।
শিক্ষাখাত প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বেশি বরাদ্দ রেখেছেন। আগামী কয়েক মাসের মধ্যে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর উন্নয়ন কার্যক্রম শুরু হবে।”
সেনবাগের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “আগামীতে সেনবাগে কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, “দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, দল তাদের মূল্যায়ন করবে।” তিনি নেতাকর্মীদের ব্যক্তিগত গ্রুপিং ও বিভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, নুরনবী বাচ্চু, হুমায়ুন কবির হুমুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।