দেশে বর্তমানে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তিনি দাবি করেছেন, সারের দাম বাড়ার অভিযোগ সত্য নয়। একটি সিন্ডিকেট কৃত্রিমভাবে সারের সংকট তৈরির চেষ্টা করছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তাই সারের দাম বাড়ার কোনো কারণ নেই। একটি চক্র পরিকল্পিতভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিন বছরে মসলা উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্য
কৃষিমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে আমদানিনির্ভর মসলা উৎপাদনে বাংলাদেশকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বর্তমানে প্রতি বছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে দেশের চাহিদা অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে পূরণের চেষ্টা চলছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হলেও এবার পরিস্থিতি ভিন্ন। আশা করছি, ভবিষ্যতেও পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না। বরং একসময় বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের অন্যতম প্রধান রপ্তানিযোগ্য পণ্যে পরিণত হবে।
আলোচনা সভায় বিএনপি নেতারা
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।