দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা ছিল। তবে এখনো সংবিধান সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, বিতর্কিত ৭০ ধারাসহ পুরোনো কাঠামো বহাল রেখেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মামুনুল হক বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে ভোট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে—এ নিয়ে প্রশ্ন থেকেই যায়।
তবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আশাবাদ ব্যক্ত করেন মামুনুল হক। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন—এটাই তাদের প্রত্যাশা।
বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি।