গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে আগে থেকেই গ্যাসের ঘাটতি ছিল। এর মধ্যে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সরবরাহ আরও ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে, ফলে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
তিনি জানান, সরকার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে। তার আশা, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সাময়িক এই সংকট মোকাবিলায় সহযোগিতা করতে হবে।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।