বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে আজ সোমবার (৩ আগস্ট) ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গেও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা হবে। এছাড়া তৈরি পোশাক, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নতুন শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সেপা চুক্তি নিয়ে কয়েক দফা আলোচনা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত জুলাইয়ে সিউলে পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সফর প্রযুক্তি স্থানান্তর, উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। দেশটির অনেক প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানিমুখী বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।