বাংলাদেশ থেকে আগামী আগস্টের শেষ সপ্তাহে নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিন দিনের মালয়েশিয়া সফরের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে একাধিকবার ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব আলোচনায় বন্ধ থাকা শ্রমবাজার চালু, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে।
তিনি জানান, নতুন কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের প্রধান লক্ষ্য থাকবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো। এ জন্য বোয়েসেলের মাধ্যমে কম খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহদী আমিন আশা প্রকাশ করেন, আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মীরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবেন। পর্যায়ক্রমে কর্মী পাঠানোর সংখ্যা আরও বাড়ানো হবে।